২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুরে এক শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই ঘটনায় অপহরণের দায়ে তাকে ১৪ বছর কারাদণ্ডও দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2021, 11:10 PM

Updated : 07 Apr 2022, 11:47 PM

মঙ্গলবার শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত মো. গোলাপ হোসেন (৪৭) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, রায়ে গোলাপ হোসেনকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

“অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড,  অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

উভয় সাজা একই সঙ্গে চলবে বলে জানান পিপি কিবরিয়া।

মামলা বরাত দিয়ে পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৪ সালের ১৮ এপ্রিল দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মধ্য ডেফলাই গ্রামে বাড়ির সামনে খেলা করছিল হতদরিদ্র পরিবারের সাড়ে ১১ বছর বয়সী শিশুটি। এ সময় ওই শিশুকে খাবার, ভালো পোশাক ও লেখাপড়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানী ঢাকার নদ্দা এলাকায় নিয়ে যায় প্রতিবেশী গোলাপ হোসেন।

পিপি আরও জানান, এক পর্যায়ে শিশুটির পরিবার তাকে খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয়দের কাছে জানতে পারে তাকে গোলাপ হোসেন অপহরণ করে ঢাকায় নিয়ে গেছেন। পরে এলাকাবাসীর চাপে গোলাপের স্বজনদের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে আনা হয়।

“বাড়ি এসে শিশুটি তার স্বজনদের জানায়, ঢাকায় ভাড়া বাসায় রেখে তাকে কয়েকদিন ধর্ষণ করেছে গোলাপ হোসেন।”

এ ঘটনায় একই বছরের ২ মে শিশুটির বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পিপি বলেন, একই বছরের ৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইগাতী থানার তৎকালীন এসআই মো. ইউনুছ আলী বিশ্বাস গোলাপ হোসেন, তার স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়িকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় গোলাপ হোসেনের স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়িকে বেকসুর খালাস দিয়েছে আদালত।