মুহিবুল্লাহ হত্যা: আরও এক রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যায় জড়িত সন্দেহে আরেকজন রোহিঙ্গাকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।
আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দেওয়া ওই হত্যাকাণ্ডে এ নিয়ে মোট পাঁচজনকে আটক করা হল, যাদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নইমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা ১২টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ ইলিয়াস নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করেন এপিবিএন সদস্যরা।
গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী। তিনি ছিলেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে রোহিঙ্গাদের একটি সংগঠনের চেয়ারম্যান।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর এলাকার স্কুলশিক্ষক মুহিবুল্লাহ পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ হিসেবে বিবেচিত ছিলেন।
রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মুহিবুল্লাহকে হত্যা করেছে সন্দেহ তার পরিবারের।
জাতিসংঘ, ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ওই হত্যাকাণ্ডের পর শুক্রবার মো. সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) নামের দুজনকে আটক করে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ। রোববার তাদের আদালতে হাজির করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ দুজনকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এছাড়া শনিবার ভোররাতে এপিবিএন সদস্যরা বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুস সালাম (৩২) ও জিয়াউর রহমান (৩০) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
