বঙ্গোপসাগরে বরগুনার ৩২ জেলে দুই ট্রলারসহ নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বরগুনার পাথরঘাটার দুই ট্রলারের ৩২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বরগুনা জেলে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম মোস্তফা জানান, লিটন মাহমুদের ‘এফবি আব্দুল্লাহ’ ট্রলারটি গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এবং আব্দুর রহমানের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ২৪ সেপ্টেম্বর মৎস্য অবতরণ কেদ্র থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা করে।
“এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি শাহজাহানের সঙ্গে মঙ্গলবারের [২৮ সেপ্টেম্বর] পর থেকে যোগাযোগ করতে পারেননি ট্রলার মালিক।
“এছাড়া আব্দুল্লাহ ট্রলারের মালিক লিটন মাহমুদ সাগরে যাওয়ার পর থেকে শুক্রবার রাত পর্যন্ত তার মাঝির সঙ্গে যোগাযোগ করতে পারেননি।”
ট্রলার মালিকদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, এফবি মায়ের দোয়া তিন দিন এবং এফবি আব্দুল্লাহ ট্রলার গত ছয় দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছে। ট্রলার দুটিতে ৩২ জন জেলে রয়েছেন।
ট্রলার দুটি উদ্ধারে তিনটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে; তবে এখনও জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে শুক্রবার রাতে তিনি জানান।
কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লুৎফুর রহমান বলেন, কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পশ্চিম জোনসহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজরা হলেন এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছাত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হাসান, আব্দুর রহমানের ছেলে মিরাজ ও নুরু মিয়ার ছেলে ছগির।
তাফালবাড়ির খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার ও আব্দুল লতিফের ছেলে নাসির।
জ্ঞানপাড়ার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম ও বড় টেংরা এলাকার আবুল হাশেমের ছেলে ফুল মিয়া।
এছাড়া এফবি আব্দুল্লাহ ট্রলারের খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। এই ট্রলারের অন্য জেলেদের নাম জানা যায়নি।
