২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ একজন আটক হয়েছেন; এ সময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2021, 10:04 PM

Updated : 10 Oct 2022, 06:18 PM

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শুক্রবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কে পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক আব্দুর রহিম ওরফে কালা মনিয়া (৩৯) উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার প্রয়াত কালু মিয়ার ছেলে।

আজিম আহমেদ বলেন, বিকালে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি অটোরিকশাযোগে ইয়াবার একটি চালান পাচারের খবরে র‌্যাবের একটি দল শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের [কক্সবাজার-টেকনাফ] ময়নারঘোনায় অবস্থান নেয়।

“এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা আসতে দেখে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। গাড়িটি থামার পর দুই জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে; অন্যজন পালিয়ে যায়।”

তিনি জানান, পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা ছোট একটি বস্তা থেকে এক লাখ ইয়াবা পাওয়া যায়।

“এ সময় আটক ব্যক্তি স্বীকার করেছেন, পালিয়ে যাওয়া তার সহযোগী বকতার মিয়া (৩৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আজিম।