বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে আবারও প্রতীকী ক্লাস
করোনাভাইরাস মহামারীতে প্রায় দেড় বছর বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এক ঘণ্টার এই প্রতীকী ক্লাস হয়। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী এই ক্লাস নেন।
এর আগে ২৬ অগাস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ অগাস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন।
প্রতীকী ক্লাস শেষে মানস চৌধুরী সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের পরিকল্পনাহীনতা বুঝা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটা হতাশাজনক। সরকারের প্রতি আস্থা রাখতে না পেরেই তারা আজকে একত্রিত হয়েছেন। শিক্ষার্থীদের অনুভূতি অনুভব করতে পেরেই তাদের সাথে যোগ দিয়েছি।"
প্রতীকী ক্লাসে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের অনলাইন শিক্ষাব্যবস্থার অবস্থা শোচনীয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত।"
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরে তা বাতিল করে সরকার।
