সিনহা হত্যা: আসামির আইনজীবীর বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সক্ষীকে জেরার নামে আসামিপক্ষের আইনজীবীরা সময়ক্ষেপণ করছেন বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মঙ্গলবার এই মামলার দ্বিতীয় দফায় তৃতীয় দিনে পঞ্চম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে সাংবাদিকদের একথা বলেন পিপি ফরিদুল আলম।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এদিন মামলার পঞ্চম সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি দেন ঘটনাস্থলের অদূরের একটি মসজিদের মুয়াজ্জিন নুরুল আমিন।
গত ২৩ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত মামলার প্রথম দফায় সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত।
রোববার শুরু হওয়া সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দফায় তৃতীয় দিন পর্যন্ত জবানবন্দি দিয়েছেন আরও তিন সাক্ষী। এতে মামলায় আরও ৭৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ বাকি রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যান করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
পিপি ফরিদুল বলেন, দ্বিতীয় দফায় তৃতীয় দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ঘটনাস্থলের নিকটবর্তী মসজিদের মুয়াজ্জিন নুরুল আমিন জবানবন্দি প্রদান করেছেন।
তিনি জানান, সকাল ১১টা ১৯ মিনিটে নুরুল আমিনের জবানবন্দি প্রদান শেষ হয়। এরপর আসামিদের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। দুপুর ২টায় আদালত বিচার কাজ ১ ঘন্টার জন্য বিরতি দেন। পরে আবার বিচার কাজ শুরু হলে তাকে আইনজীবীরা জেরা শেষ করেন বিকাল ৫টায়।
“আজ মঙ্গলবার একজন মাত্র সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা সম্পন্ন হয়েছে। আসামিপক্ষের অন্তত ১৩ জন আইনজীবী জেরার নামে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। এতে বিচাকাজে দীর্ঘ হচ্ছে। গত ২৩ অগাস্ট থেকে শুরু হওয়া দুই দফার ছয় দিনে মাত্র পাঁচজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।”
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, সিনহা হত্যা ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রতিবেদন মামলায় রেফারেন্স উল্লেখ করার আসামি ওসি প্রদীপের আইনজীবীর বক্তব্যটি বিচারিক প্রক্রিয়ার সাথে প্রাসঙ্গিক না হওয়ায় আদালত সেটি বিবেচনায় নেয়নি।
“তবে ওসি প্রদীপের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বিধি অনুযায়ী যে ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন তাকে ( প্রদীপকে ) দিতে জেল সুপারকে ব্যবস্থা নিতে বলেছে আদালত।”
বুধবার মামলায় দ্বিতীয় দফায় শেষ দিনে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে বলে ফরিদুল জানান।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সিনহা হত্যা ঘটনার পরদিন ছিল ঈদুল আযহা। আকাশে চাঁদ উঠার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে ঘটনাস্থলের নিকটবর্তী বায়তুল নুর জামে মসজিদের ছাদে অবস্থান করছিলেন মুয়াজ্জিন নুরুল আমিন। এসময় মসজিদের ছাদ থেকে তিনি (নুরুল আমিন) ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
“ঘটনাটি মসজিদ ছাদ থেকে নুরুল আমিন যেভাবে প্রত্যক্ষ করেছেন আদালতে সেইভাবে উপস্থাপন করেছেন।”
ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, সাক্ষ্য দিতে গিয়ে নুরুল আমিন নিজেকে ঘটনাস্থলের নিকটবর্তী মসজিদের মুয়াজ্জিন পরিচয় দিয়ে আদালতে জবানবন্দি প্রদান করেছেন। বাদীপক্ষের আইনজীবীরাও সেটা আদালতে উপস্থাপনের চেষ্টা করেছেন।
“কিন্তু সাক্ষী জেরার সময় যেটা প্রমাণ হয়েছে, প্রকৃত অর্থে নুরুল আমিন ওই মসজিদের মুয়াজ্জিন তিনি নন। এমনকি তিনি (নুরুল আমিন) মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম পর্যন্ত জানেন না।”
আসামির এ আইনজীবী বলেন, “শামলাপুর যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে তিনি সেটার বাসিন্দা এবং মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। আদালতে আমরা বলেছি, যেহেতু তিনি (নুরুল আমিন) বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং সেখান (ক্যাম্প) থেকে বের হতে গেলে অনুমতির দরকার পড়ে। তিনি আদালতে যা বলেছেন সবটাই মিথ্যা।”
মামলায় পঞ্চম সাক্ষী নুরুল আমিন বিদেশি নাগরিক হয়েও আদালতে যে জবানবন্দি দিয়েছেন এটার কোনো আইনগত অধিকার নেই বলে দাবি করেন রানা দাশগুপ্ত।
তবে আসামি ওসি প্রদীপের আইনজীবীর এ বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর।
জাহাঙ্গীর বলেন, “নুরুল আমিন বাংলাদেশি নাগরিক। আইনে তো একটা মার্ডারের ঘটনা দেখতে নিষেধাজ্ঞা নেই। আসামির আইনজীবীরা জেরার খাতিরে জেরা করে ভিন্নতা আনার চেষ্টা করেছেন।”
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
একই বছর ৫ অগাস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলার তদন্ত ভার দেওয়া হয় র্যাবকে।
ঘটনার ৬ দিন পর ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৭ পুলিশ সদস্য আত্মসমপর্ণ করেন।
ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি এবং রামু থানায় আরেকটি মামলা দায়ের করেন।
পরে র্যাব পুলিশের দায়ের মামলার ৩ সাক্ষি এবং শামলাপুর চেকপোস্টে দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এর ৩ সদস্যকে গ্রেপ্তার করে। এরপর গ্রেপ্তার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে। সর্বশেষ গত ২৪ জুন আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেব।
গত বছর ১৩ ডিসেম্বর র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের তৎকালীন দায়িত্বরত সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত ২৭ জুন আদালত ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এতে সাক্ষী করা হয় ৮৩ জনকে।
