গাজীপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার শীতলক্ষ্যায়
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কাপাসিয়ার গোঁসাইগাঁও মাঝির ঘাট এলাকায় লাশটি পাওয়া যায়।
নিহত ফাইজ উদ্দিন (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবহ এলাকার বোরহান উদ্দিনের ছেলে। গত সোমবার [৩০ অগাস্ট] থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“বৃহস্পতিবার রাতে কাপাসিয়ার গোঁসাইগাঁও মাঝির ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।”
এসআই এনায়েত কবীর জানান, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বাবা লাশটি শনাক্ত করেছেন।
ছেলে নিখোঁজ হওয়ার পর বুধবার [১ সেপ্টেম্বর] শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা বোরহান উদ্দিন।
শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই এনায়েত বলেন, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
