২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বোমা জাহাঙ্গীর গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে একাধিক মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে বোমা জাহাঙ্গীর ধরা পড়েছেন, যাকে শীর্ষ সন্ত্রাসী বলছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 08:32 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

উপজেলার দত্তপুর এলাকা থেকে বুধবার অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর (৩৫) দত্তপুর গ্রামের শওকত আলীর ছেলে।

তার কাছ থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম বলেন, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দত্তপুর গ্রাম থেকে মো. জাহাঙ্গীর আলম ওরফে বোমা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশে তৈরি রিভলবার, ম্যাগাজিনের ভিতর চার রাউন্ড গুলি; তার শোয়ার ঘর থেকে আটটি রামদা, দুইটি বাঁশের হাতলবিশিষ্ট বল্লম, দুইটি স্টিলের ডেগার, দুইটি লোহার ছুরি, একটি দা, পাঁচটি লোহার তৈরি বল্লম, চারটি মোবাইল ফোন এবং নগদ ৫ লাখ ৪৭ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জেলার নান্দাইল থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি দেশি অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যকলাপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

তার বিরুদ্ধে নান্দাইল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।