উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে নিহত ২
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, উপজেলার কুতুপালং, বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা নাজমুল হাসান (২০) ও পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারেস (২৫)।
এ ঘটনায় আহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মোহাম্মদ হাকিমের ছেলে মোহাম্মদ সালাম (৩০) ও তার দুই মেয়ে।
স্থানীয়দের বরাতে নাঈমুল বলেন, বুধবার সন্ধ্যা থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এতে রোহিঙ্গা ক্যাম্পের দুজনের মৃত্যু হয়।
এছাড়া বজ্রপাতে একই পরিবারের তিনজন আহত হলে তাদের আশেপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
