২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাসেতুতে ধাক্কায় মন্ত্রীদের কপালে সন্দেহের ভাঁজ

পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা লাগাকে সহজভাবে নিচ্ছে না সরকার।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 06:23 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

সেতুর স্প্যানে ধাক্কা লাগার পর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ঘটনাটি ছোটভাবে দেখার সুযোগ নেই। হালকা ভাবে দেখলে চলবে না। বিষয়টি জাতীয় গুরুত্বের সাথে দেখতে হবে।

“সরকারের সবচেয়ে অগ্রাধিকারের প্রকল্প হচ্ছে পদ্মা সেতু। যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব।”

সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে সেতুর নিচ দিয়ে পাটুরিয়া যাওয়ার সময় ধাক্কা লাগে। সেতুর ২ ও ৩ নম্বর পিয়ারের মাঝখানে ১-বি স্প্যানে ধাক্কা লেগে ফেরির ওপরে থাকা প্লাস্টিকের একটা স্ট্যান্ড ভেঙে যায়। ‘নদীতে প্রবল স্রোত’ কারণ দেখিয়ে গত ১৩ দিন ধরে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ ধাকার মধ্যে এ ঘটনা ঘটে।

অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং অপরাধী যেই হোক তার শাস্তি হবে।

“পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে।”

পদ্মা সেতুতে বারবার ফেরির আঘাতে নানা প্রশ্ন উঠেছে। ফলে সেতুর স্প্যানে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কার ঘটনায় টনক নড়ে।

তিন বছর ধরে সেতুর খুঁটি তৈরির হলেও এতদিন কোনো সমস্যা হয়নি। অন্যান্য সব ছোট বড় নৌযান চলছে কিন্তু শুধু ফেরি কেন বারবার আঘাত করছে সেটা নিয়েই নানা প্রশ্ন।