সিনহা হত্যা: সিফাতের সাক্ষ্য শেষে জেরা
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে আদালতে।
বুধবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত সাক্ষ্য দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ১৫ আসামিকে পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে সোমবার আদালতে জবানবন্দি দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। দ্বিতীয় দিন মঙ্গলবার বিকাল ৫টা ২০ পর্যন্ত ১৫ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন।
এরপর আদালতে সাক্ষ্য দেন ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা তার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত। মঙ্গলবার সিফাতের সম্পূর্ণ সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টায় আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।
ফরিদুল বলেন, বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে সিফাতের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার তৃতীয় দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। তার জবানবন্দি দেওয়া শেষ হলে বেলা ১২টার পর আসামিদের আইনজীবীরা জেরা শুরু করেন।
এরপর দিনের সময় বাকি থাকলে পরের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, প্রথম দফায় তিন দিনে সাক্ষ্যদানের জন্য মামলার ৮৩ সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালতে উপস্থিত থাকতে সমন জারি করা হয়েছিল। তাদের মধ্যে প্রথম দিন সাক্ষ্যদানের জন্য বাদী ও মামলার ২ নম্বর সাক্ষীসহ চারজন আদালতে উপস্থিত ছিল। তবে গত দুইদিনে শুধু দুইজনের সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়েছে।
গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়। পরে ২৩, ২৪ ও ২৫ অগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।
সিনহা নিহতের ছয়দিন পর লিয়াকত আলী ও ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টে ঘটনার সময় দায়িত্ব পালনকারি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এরপর টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করে র্যাব। গত ২৪ জুন মামলার অন্য পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেন।
আসামিদের মধ্যে ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অন্য ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন র্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাস ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার আসামিরা হলেন, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক পরির্দশক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, এএসআই লিটন মিয়া, এপিবিএন এর তিন সদস্য এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব, মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশের মামলার তিন সাক্ষী নুরুল আমিন, নেজাম উদ্দিন, মোহাম্মদ আয়াজ, টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মা এবং সাবেক এএসআই সাগর দেব।
গত ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচার মোহাম্মদ ইসমাইল মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
