ফেনীর মাদ্রাসা ছাত্র হত্যা: ৩ শিক্ষক রিমান্ডে, সহপাঠী উন্নয়ন কেন্দ্রে
ফেনীর দাগনভূঞার মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার তার সহপাঠীকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ ওসমান হায়দার মঙ্গলবার এই আদেশ দেন।
এছাড়া ওই মাদ্রাসার গ্রেপ্তার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে [রিমান্ড] নেওয়ার আদেশ দেওয়া হয়।
একই দিন সন্ধ্যায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেন এই তিন শিক্ষকের রিমান্ড মঞ্জুর করেন।
শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে হবে চরলক্ষ্মীগঞ্জ মরহুম হাফেজ শামসুল হক (রহ.) নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ১১ বছর বয়সী এক ছাত্রকে, যে নিহত ছাত্রের সহপাঠী।
গ্রেপ্তার তিন শিক্ষকের মধ্যে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনকে চার দিন এবং অপর দুই শিক্ষক নুর আলী আরাফাত ও আজিম উদ্দিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ হয়েছে।
গত ২২ অগাস্ট দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের একটি ডোবা থেকে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ছাত্র সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছয় আনি গ্রামের ছেলে এবং চরলক্ষ্মীগঞ্জ মরহুম হাফেজ শামসুল হক (রহ.) নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র।
দাগনভূঞা থানার এসআই জুয়েল হোসেন জানান, এই ঘটনায় নিহতের এক সহপাঠী, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, শিক্ষক নুর আলী আরাফাত ও আজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
“পরে সহপাঠী তাৎক্ষণিক স্বীকারোক্তির ভিত্তিতে নিহতের বাবা বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন। মামলায় নিহতের সহপাঠীকে প্রধানসহ তিন শিক্ষককে আসামি করা হয়।”
পরে তিন শিক্ষককে জিঙ্গাসাবাদের জন্য আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
