গাইবান্ধায় বাসের নিচে মোটরসাইকেল, নিহত ৩ বন্ধু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কালুগাড়ী বাসুপাড়া গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে মাহাবুব মিয়া (২৭), তালুককানুপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে আব্দুল করিম (৪০) ও একই ইউনিয়নের সুন্দইল গ্রামের তালেব আলী ছেলে ভুট্টা মিয়া (৩৮)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, রাতে মাহবুব মিয়া তার দুই বন্ধু করিম ও ভুট্টুকে সঙ্গে নিয়ে একই মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন।
“পথে বালুয়াবাজার এলাকায় রাত ৯টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পায়েল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।”
ওসি জানান, এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়; ঘটনাস্থলে মারা যান তিন বন্ধু। তবে বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ তিনটি থানা হেফাজতে রয়েছে।
