২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘আশুরার চাল তোলা’ নিয়ে সংঘর্ষ, নিহত ১

‘আশুড়ার চাল তোলা’ নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 11:41 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

শুক্রবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যশান্তিরাম গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বাবলু মিয়া (৫৬) মধ্যশান্তিরাম গ্রামের বাসিন্দা।

আহত একই গ্রামের ইউনুছ আলী (৫২) ও ময়নাল হোসেনকে (৫৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিক এই ঘটনায় জড়িত সন্দেহে এলাকার আইয়ুব আলী ও তার ছেলে সুমন মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশুরা উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ ভোজের আয়োজন করার কথা। এজন্য সকালে স্থানীয় পর্যায়ে চাল সংগ্রহ করতে যান মধ্যশান্তিরাম গ্রামের বাবলু মিয়া, ইউনুছ আলীসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি।

এ সময় একই গ্রামের কয়েকজন এর বিরোধিতা করলে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুপক্ষের হাতাহাতি শুরু হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, হাতাহতিতে বাবলু মিয়াসহ তিনজন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবলু মারা যান।

বাবলু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

ওসি আব্দুল্লাহিল জামান আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।