মারা গেল গিনেসবুকে আবেদনের সেই ছোট গরু ‘রানী’
গিনেসবুকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম তুলতে আবেদনের ৪৩দিন পর বক্সার ভুট্টি জাতের সেই ‘রানী’ মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গরুটি মারা যায় বলে জানান সাভার প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব।
খর্বাকৃতির গরু ‘রানী’র উচ্চতা ৫০ দশমিক ৮ সেন্টিমিটার (২০ ইঞ্চি), লম্বা ৬০ দশমিক ৫৮ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) এবং ওজন ২৬ কেজি ছিল। সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মে এটি পালিত হচ্ছিল।
বিকেলে আব্দুল মোতালিব বলেন, বুধবার হঠাৎ ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। গরুটির পেট ফোলা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়া দেন ফার্মের পশু চিকিৎসক।তাতে কোনো উন্নতি না হওয়ায় গরুটি ‘আমাদের কাছে নিয়ে আসেন’।
গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে বলেন তিনি।
শিকড় এগ্রো ফার্মের পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, ‘রানী’ অসুস্থ হলে চিকিৎসা দেওয়া চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় সেটিকে সাভারের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গরুটি মারা যায়।
এ প্রসঙ্গে কথা বলতে শিকড় এগ্রো ফার্মের ব্যবস্থাপক এম হাসান হাওলাদার একাধিকবার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ডে আবেদন জানানো হয়েছিল। ওই আবেদনের পর ৯০ দিনের মধ্যে গিনেস বুক কর্তৃপক্ষের গরুটিকে দেখতে আসার কথা ছিল।
