সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ঘরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোন দুই শিশু প্রাণ হারিয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার এস আই রমন কুমার জানান।
নিহতরা হলো ওই গ্রামের মো. মোকলেছুর রহমানের মেয়ে মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)।
এস আই রমন বলেন, ঘরে একটি স্টিলের তৈরি বাক্স বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি ঘরের কেউ টের পায়নি।
“শিশু তালহা ওই বাক্স থেকে কাপড় বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাকে উদ্ধার করতে গিয়ে মুন্নীও বিদ্যুৎস্পৃষ্ট হয়।”
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এসআই রমন।
