সিরাজগঞ্জে ট্রাক-পিক-আপ সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত
সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সীমান্ত বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন সৈনিক দীপঙ্কর (২২) ও করপোরাল মেহেদী (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে নলকা থেকে যমুনা সেতুমুখী সেনাবাহিনীর টহলরত একটি পিক-আপের সংঘর্ষ হয়। এতে সেনাবাহী পিক-আপটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পড়ে।
সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে ফিরোজের অবস্থা আশঙ্কাজনক। তাকে হেলিকপ্টারে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
পিক-আপের সেনাসদস্যরা বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে অবস্থিত সেতু-রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেনা ক্যাম্পের সদস্য।
