ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে ২৪ ঘণ্টায় ২৫ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর ১৫ জনের উপসর্গ ছিল।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৮ জন, নেত্রকোণার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে।
কোভিড ডেডিকেটেড ইউনিটে বর্তমানে ৩৫৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। আর ৫৯ জন সুস্থ হয়েছেন বলে মুন জানান।
জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ২৭ দশমিক ১৯ শতাংশ।
এছাড়া জেলায় এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ১৮১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন।
