Published : 14 Aug 2021, 10:35 AM
রেলওয়ে কমলাপুর থানার ওসি মো. মাজহারুল আলম জানান, শহরের মীরের বাজার এলাকায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনের উপর আটকে পড়া অক্সিজেন ট্যাংক বহনকারী লরিটি সরিয়ে নেওয়ার পর রাত ১টা ৫০মিনিটে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
ওসি বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী জিএমআই এলপিজি গ্যাস কোম্পনির অক্সিজেন ট্যাংক বহনকারী একটি লরি মীরের বাজার এলাকায় রেললাইনের উপর ওঠে যায়। সামনে ও পেছনে সড়কে যানজট থাকায় লরিটি রেললাইন থেকে সরে যেতে পারেনি।
এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তিতাস এক্সপ্রেস ট্রেনটি মীরের বাজার রেলক্রসিং অতিক্রমকালে রেললাইনের উপর থেমে থাকা লরিটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে লরির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামের সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এছাড়া যানবাহন চলাচল বন্ধ হয়ে ঢাকা-বাইপাস সড়কে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান মাজহারুল।
তিনি বলেন, পরে জিএমআই এলপিজি গ্যাস কোম্পনির কোম্পানির নিজস্ব লোকজন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী এবং ঢাকার রেল বিভাগের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইটি ক্রেন ব্যবহার করে লরিটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।