গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল বন্ধ
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান।
তিনি বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই লাইনচ্যুত হয়। ট্রেনটি সেখানে আটকে গেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে ঢাকা থেকে এসে উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মহাম্মদ শহীদুল্লাহ বলেন, বেলা দেড়টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা কেউ নিশ্চিত করতে পারেননি।
