২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ৩০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার হাতকড়াসহ পলাতক

রংপুরে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালানো আসামিকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 06:18 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

সোমবার বেলা দেড়টার দিকে দমুদরপুর ইউনিয়নের বারোবিঘা গ্রামে এক জঙ্গল থেকে ওসমান গণিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান।

এ সময় ‘তাকে হাতকড়া খোলা অবস্থায় পাওয়া গেছে’। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই জঙ্গল থেকে হাতকড়াটিও উদ্ধার করা হয়।

ওসমান গণির (৩০) বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

গত শনিবার রাতে উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি থেকে হেরোইনসহ ওসমান গনিকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে আদালতে সোপর্দ করার কথা থাকলেও ভোর থেকে অসুস্থতার ভান করছিলেন ওসমান গণি।

সেদিন সকাল ৯টার দিকে উপপরিদর্শক আবুল কালামের নেতৃত্বে একদল ফোর্সের মাধ্যমে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে থানায় ফিরিয়ে আনতে গাড়িতে তোলা হচ্ছিল। এমন সময় পুলিশ ফোর্সের হেফাজত থেকে হাতকড়াসহ আচমকা দৌড়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে রোববারই প্রত্যাহার করেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। ওসমান গণিকে ধরতে সাঁড়াসি অভিযানের নির্দেশ দেন পুলিশ সুপার।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, “ওসমান গণি আমার গ্রামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রোববার সকালে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি থানা থেকে আমাকে জানানো হলে ইউনিয়ন পরিষদের চৌকিদারের নেতৃত্বে গ্রামপুলিশ তাকে খুঁজতে মাঠে নামে।

“ওসমানকে বারোবিঘার ওই জঙ্গল থেকে বদরগঞ্জ থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।”

এ ঘটনায় ওসমান গণির বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে সোমবারই তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।