আন্তর্জাতিক আদিবাসী দিবস: গাইবান্ধায় নানা আয়োজন
গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার গাইবান্ধায় মানববন্ধন, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কাউকে পেছনে ফেলে নয়; আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে।
প্রতি বছর ৯ অগাস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।
জেলা শহরের ডিবি রোডে এসব কর্মসূচিতে অংশ নেয় সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ।
জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের মূল স্রোতধারা থেকে তারা অনেকটা বিছিন্ন উল্লেখ করে তিনি বলেন, “আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন কখনও সম্ভব নয়।”
সমাবেশে সভাপতির বক্তব্যে ফিলিমন বাসকে বলেন, মহান মুক্তিযুদ্ধে সাঁওতাল-বাঙালি মিলে এদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতার ৪৮ বছর পর তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। সেই ভূমি উদ্ধার করতে গিয়ে জীবন দিয়েছে শ্যামল, মঙ্গল ও রমেশ। এখন তাদের সেই হত্যাকাণ্ডের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে।
গোবিন্দগঞ্জের বাগদাফার্মে জমি রক্ষার আন্দোলনে তিন সাঁওতাল নিহত ও বহু সাঁওতাল আহত হওয়ার বিচার এবং তাদের পূর্বপুরুষের জমি ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তরা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন প্রতিষ্ঠাসহ ভাষা, সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি দাবি জানান।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়েও দিনটি পালন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
