২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকের বিরুদ্ধে এমপির ডিজিটাল আইনে অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দিয়েছেন নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 01:16 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

সোমবার রাত ১১টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এই সংসদ সদস্য অভিযোগ দেন বলে ওসি নিবারণচন্দ্র বর্মন জানান।

তিনি বলেন, সংসদ সদস্য বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এজাহার জমা দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন আছে। পুলিশ আলামত সংগ্রহ করছে। তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

অভিযোগপত্রের বরাতে ওসি বলেন, “অধ্যাপক সুজিত সরকার অনলাইন আইপি টিভিতে সংসদ সদস্যকে সন্ত্রাসী বলেছেন এবং তার কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই ইত্যাদি বলে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ। এছাড়া তার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে মানহানি করেছেন বলেও অভিযোগ করেছেন সংসদ সদস্য।”

শিমুল অভিযোগে আরও উল্লেখ করেছেন, “আমার নামে মিথ্যা অভিযোগ করায় আমার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”

ঘটনা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।

শিমুল বলেন, “এছাড়া সুজিত সরকার ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ বইয়ে আমার বাবার নামে মিথ্যা তথ্য দেওয়ায় নাটোর আদালতে মামলা করব।”

এর আগে গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংসদ সদস্য শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জিডি করেন অধ্যাপক সুজিত সরকার।

জিডিতে অধ্যাপক সুজিত উল্লেখ করেছেন, তিনি ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ বইয়ে রাজাকার তালিকায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী সরদারের নাম প্রকাশ করেছেন। এরপর থেকে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন শিমুলসহ অপরিচিত অনেকে।

তবে হুমকির অভিযোগের ‘সত্যতা না পাওয়ায়’ সেই জিডি পুলিশ খারিজ করে দিয়েছে।