নবাবগঞ্জে ছুরিকাঘাতে শাশুড়ি খুন, জামাই গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে শাশুড়ি খুনের অভিযোগে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।
নিহত হামেদা বেগম (৪৫) উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ শোল্লা গ্রামের মইফল ইসলামের স্ত্রী।
গ্রেপ্তার শাওন (২৬) একই ইউনিয়নের উলাইল গ্রামের কাদের মোল্লার ছেলে এবং নিহতের মেয়ে তানিয়ার স্বামী।
ওসি সিরাজুল বলেন, এ ঘটনায় নিহতের স্বামী মইফল বেপারী বাদী হয়ে মেয়ের জামাই শাওনকে একমাত্র আসামি করে রোববার সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা করেছেন।
“তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ ঘটনায় ছুরিকাঘাতে নিহতের মেয়ে তানিয়া ও এক ছেলে আহত হয়েছেন। তাদের ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের মেয়ে কনা আক্তার বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই আমার বোন তানিয়াকে অকারণে টাকার জন্য মারধর করত শাওন। ইদানিং ইজিবাইক কিনে দেওয়ার জন্য সে আমার বোনকে চাপ প্রয়োগ করত। প্রতিদিনই মাদকসেবন করে বাড়িতে ফিরত সে।
“এসব বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল তাদের মধ্যে। বিষয়টি নিয়ে গত ঈদের পরপর গ্রাম্য সালিশে দুজনের তালাকের সিদ্ধান্ত হয়।
“রাগে ক্ষোভে রোববার সকালে শাওন অতর্কিতভাবে আমাদের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে সে ছুরি দিয়ে প্রথমে আমার বোনকে আঘাত করে। এ সময় মা ও আমার ভাইসহ আমরা ফেরাতে গেলে আমাদেরও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে সে।”
পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এসে শাওনকে ধরে ফেলে। ছুরিকাঘাতে আহত অবস্থায় মা, আমার বোন তানিয়া ও ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পথে মায়ের মৃত্যু হয় বলে জানান তিনি।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বোন ও ভাইকে নবাবগঞ্জের সরকারি হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান।
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
