২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছাত্রলীগ নেতা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

যশোরের চৌগাছায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 09:33 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

শনিবার বিকালে উপজেলা শহরের একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম রেজা চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন তিনি।

Image
চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা

চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা

শামীম রেজার ছোট ভাই ফয়সাল রানা বলেন, শুক্রবার শহরের মধুমতি প্রাইভেট ক্লিনিকে তার ভাইয়ের স্ত্রীর সিজার অপারেশনের মাধ্যমে মেয়ে হয়। ভাই সেখানে মেয়ের কাছেই ছিলেন।

শনিবার বিকাল ৩টার দিকে চৌগাছা থানার পুলিশ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।

“আমরা জানতে চাইলেও কোন মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সেটা বলেনি।”

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শহরের ফুডল্যান্ড নামে একটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ তার [শামীম রেজা] নামে একটি চাঁদাবাজি মামলা করেছেন। মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

তবে এটি একটি সাজানো মামলা বলে দাবি করছেন শামীম রেজার বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু।