২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশা ও পিক-আপের সংঘর্ষে নিহত ২

কাপাসিয়া উপজেলায় পিক-আপ ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত ও এক পরিবারের তিন জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 08:17 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

শনিবার সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর সদর থানার খালিশা ভর্তা গ্রামের দুলাল সরকারের স্ত্রী বকুল আক্তার (৩৮) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাগবের গ্রামের আব্দুল কাদের মিন্টুর ছেলে মো. ছানাউল্লাহ (৪০)।

আহত হয়েছেন কটিয়াদী উপজেলার গনেরগাঁও গ্রামের মো. মুর্শিদের স্ত্রী রাজিয়া সুলতানা (৩৫), তার ছেলে জুনাইদ মিয়া (১২) ও মেয়ে নুসরাত সুলতানা (০১)। 

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খাঁন জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি পিক-আপের সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়; অটোরিকশার যাত্রী বকুল ঘটনাস্থলে মারা যান। অপর যাত্রী ছানাউল্লাহ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।”

আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।