ময়মনসিংহ মেডিকেলে একদিনে কোভিডে ৩, উপসর্গে ৯ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন।
তাদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোণার ৪ জন, জামালপুর ও শেরপুরে একজন করে ছিলেন।
এছাড়া কোভিড ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৭ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৯৭ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৬১ জন সুস্থ হয়েছেন বলে মুন জানান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৪৬৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ বলে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান।
তিনি বলেন, জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭০ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯৫ জন।
