চরভদ্রাসনের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের মৃত্যু কোভিডে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাষ্টার মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ডিএনসিসি কোভিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।
আবুল হোসেন মাষ্টার (৭৬) চরভদ্রাসন উপজলো পরিষদে ১৯৮৫ ও ২০০৯ সালে দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তার ছেলে মো. ফয়সাল হাসান শাওন জানান, তার বাবা দীর্ঘদিন যাবত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন; সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তখন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিট হাসপাতালে ভর্তি করা হয়; মৃত্যুকালে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
