সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় ২০০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার হয়েছেন, যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র্যাব।
বুধবার সকালে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ডমিরিয়া গ্রামের প্রয়াত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও রাজশাহীর বোয়ালিয়া উপজেলার শেকেরচক গ্রামের সোমা খাতুন (৩০)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে অবস্থিত র্যাব-১২-এর সদরদপ্তরের সামনে মহাসড়কের উপর থেকে ওই দুই নারীকে আটক করা হয়।
“এই সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন সেট ও নগদ ২১৫২ টাকা উদ্ধার করা হয়।”
এই ঘটনায় মামলা হয়েছে; আটকদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
