২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পথে ইতালি যাত্রায় দুই বাংলাদেশির মৃত্যুর খবর

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হিটস্ট্রোকে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2021, 06:32 PM

Updated : 02 Aug 2022, 06:08 PM

গোপালগঞ্জ নিবাসী এ দুই যুবকের পরিবার হৃদয় নামে এক যুবকের কাছ থেকে এ মৃত্যুর খবর পেয়েছে বলে জানানো হচ্ছে। ওই দুই যুবকের সহযাত্রী হৃদয়সহ আরও কয়েকজন বাংলাদেশি তিউনিশিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানাচ্ছেন তারা।

তবে অন্য সূত্র থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে এ মৃত্যুর খবর যাচাই করা সম্ভব হয়নি।

মৃত্যুর খবর আসা যুবকরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের কৃষক একরাম মৃধার ছেলে আফজাল মৃধা এবং একই উপজেলার রাগদী ইউনিয়নের ফজলু মুন্সির ছেলে সজিব মুন্সি।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, “বিষয়টি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আফজালের ভাই আজিজুল মৃধা বলেন, “মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আক্কাছ ফকিরের ছেলে ইতালি প্রবাসী ইলিয়াস ফকির এবং দুলাল ফকির।

“তারা ইতালি নেওয়ার স্বপ্ন দেখিয়ে আমাদের কাছ থেকে দুই দফায় প্রায় ৬ লাখ টাকা নেন।”

গত ২০ রমজান দুলাল ফকিরের সহযোগিতায় লিবিয়ায় যায় আফজাল। সেখানে কিছু দিন আফজাল অবস্থান করে। পরে নৌকায় ইতালি যাওয়ার পথে লিবিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় ৩২ দিন জেল খাটে আফজাল বলেন তিনি।

এরপর দালালরা গত ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় আফজালকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে। মাঝপথে ট্রলারটি নষ্ট হয়ে যায়। এ সময় প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে আফজাল মৃধাসহ আরও ৫ জন মারা যায় বলে খবর পয়েছেন তিনি।

“লিবিয়া পুলিশ আফজালের লাশ উদ্ধার করে ত্রিপলির একটি হাসপাতালের মর্গে রেখেছে বলে জানতে পেরেছি।”

এদিকে, তপারকান্দি গ্রামের সজিব মুন্সির শোকার্ত মা শাহানা বেগম বলেন, “আমরা ছেলের সাথে গত ১৮ জুলাই শেষ কথা হয়েছে। তারপর আর কথা হয়নি।

“দালালরা তাকে জোর করে নৌকায় তুলে দিয়ে হত্যা করেছে।”

সজিবকে ইতালি পৌঁছে দিতে রাজৈর উপজেলার সত্যবর্তী গ্রামের শাহিন সরদার তার কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করছেন তিনি।

এ ঘটনায় জড়িত দালাল ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতদের স্বজনরা।

তবে দালাল চক্রের সদস্য বলে অভিযোগ ওঠা ইলিয়াস ফকির, দুলাল ফকির এবং শাহিদ সরদার ইতালি ও লিবিয়ায় থাকার কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।