২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় শ্রমিকদের কোভিড টিকা প্রদান শুরু

পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 07:32 PM

Updated : 10 Oct 2022, 06:07 PM

গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থানীয় কোনাবাড়ির তুসুকা ডেনিম লিমিটেড কারখানায় রোববার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন।

রোববার থেকে প্রাথমিক পর্যায়ে শুধু এনআইডি কার্ডের ফটোকপি দেখেই গাজীপুরে চারটি কারখানায় শ্রমিকদের টিকা দেওয়া হয়েছে। 

তবে দ্বিতীয় ডোজ নেওয়ার আগে তাদের রেজিস্ট্রেশন করতে হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, “সারা দেশে গার্মেন্টস্, পোশাক ও কলকারখানার অন্যান্য যে শ্রমিকরা আছে তাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা, আন্তরিকতায় ও তার চেষ্টায় আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি।”

তিনি বলেন, “আমাদের যে টিকাদান কর্মসূচি তা হসপিটাল বেইজড হয়; কিন্তু আজ আমরা গার্মেন্টসে গার্মেন্টসে গিয়ে গিয়ে টিকা দিচ্ছি।”

এ কাজটি করতে তারা টিকা প্রদানকারীদের দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়েছেন উল্লেখ করে বলেন, “আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদের আগে আজকে আমরা চারটা গার্মেন্টসে টিকাদান কর্মসূচি শুরু করেছি।”

গাজীপুর নগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজ ভ্যালী কারখানার প্রায় ১২ হাজার শ্রমিক-কর্মচারীকে টিকা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত টিকাদান চলবে বলে সিভিল সার্জন জানান।

সোমবার আরও আট গার্মেন্টসের শ্রমিকদের টিকা দেওয়া শুরু করার ইচ্ছা আছে এবং পর্যাক্রমে সব গার্মেন্টসকে টিকাদানের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রথম পর্যায়ে চারটি কারখানার ১২ হাজার শ্রমিক কর্মচারী টিকা পাবেন। পর্যায়ক্রমে প্রতিটি কারখানার শ্রমিকদের এভাবে টিকা দেওয়া হবে।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম পোশাক শ্রমিকদের ক্ষেত্রে টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের সীমা তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রথম ডোজ দেওয়ার আগে রেজিস্ট্রেশন ছাড়া শ্রমিকদের ভ্যাকসিনেশন শুরু করা হলেও দ্বিতীয় ডোজ নেওয়ার আগে তাদের রেজিস্ট্রেশন করতে হবে।

এ ব্যাপারে স্ব-স্বপ্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তুসুকা কারখানায় সুপারভাইজার ওবায়দুর হক বলেন, “সহজে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি আগেও চেষ্টা করেছিলাম টিকা দেওয়ার জন্য; কিন্তু রেজিস্ট্রেশনের ঝামেলার কারণে নেওয়া হয়নি।”

একই কারখানার শ্রমিক রত্না প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “টিকা নিয়েছি এখন গ্রামে ঈদ করতে যাওয়ায় আর সমস্যা হবে না। নিজেও সুস্থ থাকব; পরিবারের সবাইকেও সুস্থ রাখতে পারব।”

সিভিল সার্জন মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহানগর পুলিশের উপ-কমিশনার অপরাধ (উত্তর) মো. জাকির হাসান, বিজিএমইএর সভাপতি মো. ফারুক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।