২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর কোভিড ইউনিটে একদিনে আরও ১৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 11:01 AM

Updated : 07 Apr 2022, 11:22 PM

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

মৃতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। আর কোভিড নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ২, নাটোরের ৪ এবং নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের একজন করে রয়েছেন।

শামীম বলেন, এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত) রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। রোববার সকাল পর্যন্ত ৪৫৪টি কোভিড ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৬ জন।

পরিচালক জানান, শনিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যার শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।

এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯২ শতাংশ।