গাজীপুরে কোভিডে এক দিনে রেকর্ড ১০ মৃত্যু
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে রেকর্ড ১০ জন প্রাণ হারিয়েছে।
শনিবার জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৩।
একদিনে ১০ জন মৃত্যুর ঘটনা সর্বোচ্চ উল্লেখ করে তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রন্ত হয়ে ২৯২ জন মারা গেছে।
ডা. খায়রুজ্জামান জানান, শনাক্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদরে ৯১ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন ও কাপাসিয়ায় ২২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সদরে ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১০৪১ জন, কালিয়াকৈরে ১৬৭২ জন, কাপাসিয়ায় ১০৬৫ জন ও শ্রীপুরে ১৮৫৯ জন রয়েছেন।
