২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাথরুম থেকে বৃদ্ধ বাড়িওয়ালার অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরে বাথরুম থেকে এক বৃদ্ধ বাড়িওয়ালার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ওই বাড়ির এক কক্ষে একা থাকতে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 04:18 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

কাশিমপুর থানার এসআই দীপঙ্কর কুমার জানান, পানিশাইল এলাকার বাড়ি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমিনুল ইসলাম বাবুল (৬০) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমিনুল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ছিলেন। কয়েক বছর আগে পানিশাইল এলাকায় বাড়ি করে একটি কক্ষে তিনি একা থাকতেন।

এসআই দীপঙ্কর বলেন, আমিনুলের পাঁচতলা নির্মাণাধীন বাড়ির দুই তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। ওপরে আরও তিন তলার কাজ চলছে। দোতালার একটি কক্ষে তিনি একাই থাকতেন। বাড়ির অন্য বাসাগুলো ভাড়া দেওয়া।

“দুই-তিন দিন ধরে আমিনুল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার  সন্ধ্যায় দুর্গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা উৎস খুঁজতে যায়। তারা নির্মাণাধীন তিন তলার বাথরুমে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।”

এসআই দীপঙ্কর বলেন, “ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তাকে হত্যার পর মরদেহ ওইখানে ফেলে গেছে খুনি। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”