২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ৪ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে ১৩ মৃত্যু

খুলনার চারটি হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 12:27 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালে দুইজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের কোভিড ইউনিটে ২০১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়ালো জোনে ২৭ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান।

বর্তমানে এ হাসপাতালের কোভিড ইউনিটে ১০৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে সাতজন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন।

এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন এবং ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান মিজানুর।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  আক্রান্ত দুইজনের প্রাণ গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আটজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

বর্তমানে এ হাসপাতালের কোভিড ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।