সিরাজগঞ্জে ‘সড়ক দুর্ঘটনায়’ শিক্ষক নিহত
সিরাজগঞ্জে এক মটরসাইকেল আরোহী শিক্ষক ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, বুধবার বেলা ১১টার দিকে সলঙ্গার পাটধারী এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে তিনি নিহত হন।
নিহত আব্দুল বাসেত সিরাজগঞ্জ শহরের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ওসি বলেন, “মটরসাইকেলে করে যাওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ি বাসেতকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”
বাসেত কোথা থেকে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বলে জানান ওসি শাহজাহান আলী।
