২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের হাতে খুন হওয়ার ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

যশোরের শার্শায় জমাজমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে খুন হওয়ার তিনদিন পর কবর থেকে ছোট ভাইয়ের লাশ উত্তোলন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 05:08 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

নিহত জসিম উদ্দিন (৩০) শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের কাশেম আলির ছোট ছেলে।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তার বড়ভাই আব্দুর রউফকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে স্বজনদের উপস্থিতিতে নিহতের লাশ উত্তোলন করা হয় বলে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান।

তিনি বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রাতের কোন এক সময় রউফ তার ছোটভাই জসিমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শনিবার 'বাথরুমে পড়ে গিয়ে' জসিমের মৃত্যু হয়েছে বলে প্রচার করে এবং সন্ধ্যায় তার লাশ দাফন করে।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় নিহতের ছোট বোন সুমি খাতুন সোমবার বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রউফ তার স্ত্রী লিপি বেগম ও মেয়ে সাদিয়া খাতুনকে হেফাজতে নেওয়া হয় ।”

পরে দুইজনকে ছেড়ে দিয়ে ঘটনার হোতা রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত জসিমের মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য বিচারক আদেশ দেন বলে জানান ওসি। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লাশটি যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।