২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেখার কেউ ছিল না’, স্ত্রীর মৃত্যুর পর স্বামী হাসপাতালে

চাঁদপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ঘরে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যুর পর মুমূর্ষু স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 12:13 AM

Updated : 10 Oct 2022, 06:06 PM

শাহনাজ আক্তার (৩৬) ও শাহ আলম দম্পতি অসুস্থ অবস্থায় চাঁদপুর শহরের মিশন রোডের খান সড়কে তাদের বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় ছিলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, স্বামী-স্ত্রী দুইজনেরই করোনাভাইরাস পজিটিভ ছিল। উভয়ের অবস্থা মুমূর্ষু ছিল।

“দুঃখের বিষয় কেউ আমাদেরকে তাদের অবস্থা সম্পর্কে জানায়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, মিশন রোডের এ বাড়িতে করোনা আক্রান্ত এ দম্পতি ছাড়া আর কেউ ছিল না। তাদের দুই ছেলেই বিদেশে থাকেন।

“সোমবার সকালে শাহনাজ আক্তারের মৃত্যু হয় এবং তার স্বামী মুমূর্ষু হয়ে ঘরে পড়ে থাকেন। বিষয়টি জেনেও কেউ এগিয়ে না আসায় তাৎক্ষণিকভাবে সেখানে যাই।”

আঞ্জুমানে খাদেমুল ইনসানের অ্যাম্বুলেন্সে করে মুমূর্ষু অবস্থায় শাহ আলমকে হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভর্তির এবং তার মৃত স্ত্রীর দাফনের ব্যবস্থা করেন ইউএনও।