২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

গাজীপুরে ১২ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 10:40 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

রোববার দুপুরে নগরের বাসন থানার নলজানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. সেলিম ওরফে হিলিম (৪৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার কিসমত নড়াইলের নীল মাহমুদের ছেলে।

টঙ্গী থানার ওসি মোহাম্মদ শাহ আলম মামলার বরাত দিয়ে জানান, ওই মেয়ে টঙ্গীতে তার ফুপার বাসায় থাকত। গত ৩০ এপ্রিল সকালে ওই বাসার সামনে থেকে ‘মেয়েটিকে গ্রেপ্তার হিলিমসহ আরও দুই ব্যক্তি জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়’।

‘মেয়েটিকে নিজের সন্তান পরিচয় দিয়ে’ হিলিম নগরীর বাসন থানার নলজানী এলাকায় এক ভাড়া বাসায় ওঠেন। সেখানে তাকে ‘ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে ধর্ষণ করে আসছিলেন’ এ আসামি।

সন্ধান না পেয়ে গত ১৬ মে মেয়েটির ফুফু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে নলজানী এলাকায় সেই ভাড়া বাসায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং হিলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।