২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২০ হাজার ইয়াবা, অস্ত্রসহ ‘মাদক কারবারি’ আটক

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক হয়েছেন, যাকে ‘মাদক কারবারি’ বলছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 04:57 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথায় এই অভিযান চালানো হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান।

আটক নুর মোহাম্মদ (৩৭) হ্নীলা ইউনিয়নের দক্ষিণ রঙ্গিখালীর প্রয়াত মোহাম্মদ হোসেনের ছেলে।

উইং কমান্ডার আজিম বলেন, শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের আলীখালী রাস্তার মাথায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি র‌্যাব সদস্যদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“এতে ওই ব্যক্তির হাঁটুর নিচে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় সেখানে উপস্থিত আরও ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।”

ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক, দুইটি গুলি ও আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে আজিম জানান।

আটক ব্যক্তি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আজিম আহমেদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।