গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ঘুষিতে’ কিশোরের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এক কিশোর অপরাধীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এ ঘটনা ঘটে।
প্রতীকী ছবি
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, শনিবার রাতে দুই নিবাসীর মধ্যে মারামারিতে এক নিবাসী সিহাবকে বুকে ঘুষি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীণ।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার মাগরিবের নামাজের পর সেফ হোমের নিচ তলায় এ মারামারির খবর আসে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুজ্জামান জানান, এ হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে মৃতাবস্থায় আনা হয়েছিল।
