ময়মনসিংহে পিকআপ-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিকআপের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শনিবার বেলা ১২টার দিকে খিচার আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের কাছে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে তারা নিহত হন।
তারা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬) ও নেত্রকোণা পৌরসভার বড়বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫)।
ওসি খায়ের প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, নেত্রকোণা থেকে আসা মটরসাইকেলটির সঙ্গে নেত্রকোণাগামী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ওসি খায়ের।
