কোভিড: ফরিদপুরে আরও ৬ মৃত্যু, বিধিনিষেধ অমান্য করে মামলার আসামি ৬৩৬
ফরিদপুরে লকডাউনের মধ্যে ‘সরকারি বিধিনিষেধ অমান্য’ ও ‘কারণ ছাড়া ঘোরাফেরা করার’ অভিযোগে চারদিনে ৬৩৬ জনের বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে।
গত ১ জুলাই সকাল থেকে ৫ জুলাই রাত ১০টা পর্যন্ত জেলার ১৫ জন নির্বাহী হাকিম মামলাগুলো দায়ের করেন বলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসলিমা আলী জানান।
তিনি বলেন, কঠোর লকডাউন চলাকালে সরকারি দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নে ১৫টি ভ্রাম্যামাণ আদালত জেলার নয় উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং কারণ ছাড়া ঘোরাফেরা করার অভিযোগে ৬৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।
এছাড়া মামলার দণ্ড প্রাপ্তদের কাছ থেকে তিন লাখ ৩৯ হাজার ১৬০টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তাসলিমা।
কঠোর বিধিনিষেধ জারি থাকা কালে নিয়মিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনাভাইরাসে ছয়জন মারা গেছেন এবং ৩৫৫ নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান।
তিনি বলেন, এই সময়ে শনাক্তের হার ৪৫.৯১ শতাংশ।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, তার হাসপাতালের আইসিইউতে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্তে রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৮৬ জন।
