খুলনায় কোভিড সামলাতে চার হাসপাতাল
উত্তরোত্তর সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকার মধ্যে খুলনায় একে একে চারটি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা শুরু হয়েছে, যেগুলোর মধ্যে একটি বেসরকারি হাসপাতালও রয়েছে।
এই চার ইউনিটের মধ্যে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতাল, সদর হাসপাতালের করোনা ইউনিট, শহীদ আবু নাসের বিশেষায়িত করোনা ইউনিট এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল।
চিকিৎকরা বলছেন, সর্দি জ্বরের মৌসুম হওয়ায় অনেকে প্রাথমিক উপসর্গকে অবহেলা করছেন। অধিকাংশ রোগীই বাসায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি হচ্ছেন দেরিতে। অক্সিজেন লেভেল কমে গেলে হাসপাতালে আসছেন তারা। এর কারণে করোনা বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে খুলনা বিভাগে রেকর্ড ৫১ জন মারা গেছেন। এর আগের দিনও বিভাগে রেকর্ড ৪৬ জনের প্রাণহানি হয়েছিল কোভিডে।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, গত বছরও এ সময়ে করোনা বেড়েছিল; এবছরও ঠিক সেই সময়ে বেড়েছে। এবার বেশি হওয়ার কারণ ‘ভ্যারিয়েন্টের তীব্রতা’। করোনায় আক্রান্তদের যে সংখ্যাটা আসছে এর বাইরেও প্রতিটি পরিবারে কারও না কারও করোনার লক্ষণ রয়েছে। সর্দিজ্বরের সিজন হওয়ায় অনেকে এটা অবহেলা করেছেন। এর কারণে করোনা বেড়ে গেছে।
রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে জেলার চারটি করোনা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের।
স্বাস্থ্য বিভাগ জানায়, খুলনায় সরকারিভাবে ১০০ শয্যা নিয়ে করোনা চিকিৎসার যাত্রা শুরু হয়। অল্প দিনের ব্যবধানে এখন শয্যা সংখ্যা ৪৩৫। একটির জায়গায় যুক্ত হয়েছে তিনটি সরকারি এবং একটি বেসরকারি হাসপাতাল। এরপরও শয্যা সংকট কাটছে না। ফলে কোনো রোগীকে ফ্লোরেও রাখতে হচ্ছে।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়োজ মোহাম্মদ শয্যা সংকটের বিষয় স্বীকার করে বলেন, মে-জুন মাস থেকেই ক্রমে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। রোগীর চাপ সামলাতে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিট ১৩০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে উন্নীত করা হয়। তাতেও রোগীর চাপ সামলাতে না পেরে সদর হাসপাতালে ৭০ শয্যা করোনা ইউনিট চালু করা হয়।
“সেখানেও এক সপ্তাহের মধ্যে সবকয়টি শয্যার পূরণ হয়ে যায়; এখন খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের আরও ৭০ শয্যা বাড়িয়ে ২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
“তাতেও রোগীর চাপ সামলাতে না পেরে সর্বশেষ শহীদ আবু নাসের বিশেষায়িত ৪৫ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। সেখানেও একইরকম রোগীর চাপ।”
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বর্তমানে অধিকাংশ রোগীই হাসপাতালে ভর্তি হচ্ছেন দেরিতে। অক্সিজেন লেভেল কম থাকা রোগীর সংখ্যা বেশি আসছে; যার কারণে অক্সিজেনের চাহিদাও বেড়ে গেছে। যারা ভর্তি হচ্ছেন তারা আগে থেকেই করোনায় আক্রান্ত ছিলেন, বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তারা এখানে চলে আসছেন।
“রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেক রোগীকে ফ্লোরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।”
তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ১৮৭ জন। এরমধ্যে করোনা আক্রান্ত রোগী আছেন ১১৭ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩০ জন। এছাড়া এইচডিইউ ইউনিটে ২০ জন ও আইসিইউতে ২০ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ২১ ও ইয়েলো জোনে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
খুলনা সদর হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। ১২০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১১৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ৯, এইচডিইউতে ৮ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
