গাজীপুরে ট্রাক চাপায় আহত শ্রমিকের মৃত্যু
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সড়ক দুর্ঘটনায় আরেকজনের মৃত্যুর পর নিহতের সংখ্যা তিনজনে দাঁড়াল।
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. রবিউল ইসলাম (২৬) দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার কল্লনি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি কোনাবাড়ীতে তুসুকা নামের এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
দুর্ঘটনার রাতে নিহতরা হলেন, স্থানীয় অটোরিকশা চালক ও বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে মো. নবাব আলী (৪০) এবং স্থানীয় মৌচাক হাইড্রোঅক্সাইড কারখানার লিংকিং অপারেটর ও গাইবান্ধা সদরের নাছিরাবাদ এলাকার নুর ইসলামের ছেলে মো. জয়নাল হোসেন (৩৫)।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, অটোচালক গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের দিকে যাচ্ছিলেন।
এ সময় দুইটি ট্রাক পাল্লা দিয়ে চালাচ্ছিল। মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে চাপা পড়ে দুইটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থালে অটোচালক নবাব আলী এবং শ্রমিক জয়নাল হোসেন নিহত হন। অটোটির চারজন আরোহী আহত হন।
আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি।
