২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আরও এক হাসপাতালে কোভিড ইউনিট

করোনাভাইরাস মহামারীতে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালেও কোভিড ইউনিট চালু করা হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2021, 03:09 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকে এই হাসপাতালে কোভিড ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ইতোমধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক কোভিড ইউনিট চালু করা হয়েছে। তাছাড়া খুলনা সদর হাসপাতালকে শুধু কোভিড রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

তবু এসব হাসপাতালে কোভিড রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। গুরুতর অসুস্থ হলেও আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

সিভিল সার্জন বলেন, আবু নাসের হাসপাতালের প্রতিটি বেডের সঙ্গে আগে থেকেই কেন্দ্রীয় অক্সিজেন লাইন টানা রয়েছে। এখন অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে ১০টি আইসিইউসহ মোট ৪৫ বেডে রোগী ভর্তি করা হবে।

তাছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৩০ শয্যার কোভিড ইউনিটে আরও ৭০ শয্যা যোগ করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

আবু নাসের হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রকাশচন্দ্র দেবনাথ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি ২৫০ শয্যার এই হাসপাতালে কোভিড ইউনিট চালুর নির্দেশ দিয়েছে। শনিবার থেকে কোভিড রোগী ভর্তি করা হবে। ৪৫ শয্যার এ ইউনিট সম্পূর্ণ আলাদা থাকবে।