কোভিড: রাজশাহী মেডিকেলে আরও ১২ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের রোগীদের মধ্যে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া কোভিডের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এক দিনে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া এই ১৭ জনের মধ্যে ১০ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার একজন।
কোভিড পজিটিভ ১২ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন।
শামীম জানান, এ নিয়ে চলতি মাসের দুই দিনের মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়াল। এদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ ছিল ১৭ জনের। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের কোভিড ইউনিটে মারা যান ৪০৫ জন। এদের মধ্যে পজেটিভ ছিল ১৮৯ জনের।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬৮ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ১৮ জন।
রাজশাহীতে আবারও বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যার শনাক্তের হার ৪২ দশমিক ৪০ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ৩৯ দশমিক ৯০ শতাংশ।
এর আগে মঙ্গলবার ৩২ দশমিক ০৬ শতাংশ, গত সোমবার ৩৬ দশমিক ৯২ শতাংশ, রোববার ২৭ দশমিক ৮৪ শতাংশ, শনিবার ২৯ দশমিক ০৮ শতাংশ এবং শুক্রবার ৩৪ দশমিক ৫০ শতাংশ ছিল শনাক্তের হার।
রাজশাহী জেলা ছাড়াও অপর দুই জেলার মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৮৫ জনের নমুনার মধ্যে ২৩টি পজেটিভ এসেছে। আর নওগাঁর একজনের নমুনার পরীক্ষা করে সেটি নেগেটিভ আসে।
ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটি দুই দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার থেকে নতুন করে সরকারি ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।
