২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের সেই ৩২ কিলোমিটার দীর্ঘ পতাকা ফেরতের দাবি

‘ফুটবল বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য’ চাঁদপুরের এক নারীর তৈরি ফ্রান্সের জাতীয় পতাকাটি ফেরতের দাবি জানানো হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2021, 07:57 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

রোববার সকালে এ নিয়ে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ফ্রান্স প্রবাসী আলী নাজির মিজির স্ত্রী রোজিনা আক্তার।

তিনি জানান, এ পতাকা তৈরির অনুমোদন থাকলেও ৮ মাস আগে ৩২ কিলোমিটার দীর্ঘ পতাকাটি জব্দ করে পুলিশ। এখনো তারা তা ফেরত পাননি।

উল্টো স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের মামলা-হামলার শিকার হচ্ছে তাদের পরিবার বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, “দেশের সুমান বৃদ্ধির জন্য ফ্রান্স এবং বাংলাদেশের অনুমতিক্রমে ৫০ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় মেম্বারকে চাঁদা না দেওয়ায় গত অক্টোবর মাসে পতাকা কেটে ফেলেন।

“পরে পুলিশ গিয়ে সেলাই মেশিনসহ পতাকা জব্দ করে নিয়ে আসে। এখন পর্যন্ত তা ফেরত দেওয়া হয়নি।”

অবিলম্বে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণসহ পতাকাটি ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।