২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বাসায় স্কুলশিক্ষিকা ও গৃহকর্মীর লাশ

সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে এক স্কুলশিক্ষিকা ও তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2021, 02:06 AM

Updated : 02 Aug 2022, 05:58 PM

শনিবার রাত ৯ টার দিকে শিক্ষিকা তপতী রানি দে (৪৫) ও গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

নিহত তপতী রানি সোয়ারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিকিৎসক বিজয় ভূষণ দে’র স্ত্রী।

পুলিশ সুপার জানান, তপতী রানির ছেলেও চিকিৎসক। তারা পেশাগত কাজে বাইরে ছিলেন। বাড়িতে তপতী ও গৌরাঙ্গই ছিলেন।

পুলিশ কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, রাত ৯টার দিকে তপতী রানির ছেলে বিপ্লব দে বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।

“পরে পুলিশ বাড়ির বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানির রক্তাক্ত মৃতদেহ পায়। পাশে ফ্যানের সঙ্গে গৌরাঙ্গ বৈদ্যর মৃতদেহ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তপতীকে হত্যা করে গৌরাঙ্গ বৈদ্য আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কারণে আছে কিনা তা খতিয়ে দেো হচ্ছে।”

নিহত গৌরাঙ্গ বৈদ্যর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে। প্রায় ৫-৬ বছর ধরে তিনি ওই বাড়িতে কাজ করছিলেন।