২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহা হত্যা: প্রদীপদের জামিন শুনানি ২৭ জুন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপসহ দুই পুলিশ সদস্যের জামিনের ব্যাপারে শুনানি আগামী ২৭ জুন নির্ধারণ করেছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2021, 05:14 PM

Updated : 02 Aug 2022, 05:56 PM

রোববার বেলা সোয়া ১২টায় জেলা দায়রা জজ মো. ইসমাঈল হোসেনর আদালত এ আদেশ দিয়েছে বলে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন।

আসামিরা হলেন, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত। এ মামলায় এজাহারে প্রদীপ ২ নম্বর এবং নন্দ দুলাল রক্ষিত ৩ নম্বর আসামি।

পিপি ফরিদুল বলেন, এ হত্যা মামলার আসামী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই নন্দ দুলাল রক্ষিতের আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন। আদালত আবেদনটি আমলে নিয়ে আগামী ২৭ জুন শুনানির দিন নির্ধারণ করে।

আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, আসামি সাবেক ওসি প্রদীপ ও সাবেক এসআই নন্দ দুলালের জামিন চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন জানানো হয়। কিন্তু ওইদিন আদালতে নথি উপস্থাপন না হওয়ায় শুনানির দিন ধার্য্য করা হয়নি। রোববার এ নিয়ে পুনরায় আদালতে আবেদন করা হয়। এতে আদালত আবেদনটি আমলে নেয়।

রানা বলেন, মামলার এজাহারে ও অভিযোগপত্রে আসামি প্রদীপের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তথ্যের পরস্পর বিরোধিতা রয়েছে। এতে প্রদীপ নির্দোষ প্রমাণিত হবে। এ নিয়ে আদালতে যুক্তি-তর্ক জোরালোভাবে উপস্থাপন করে জামিন মঞ্জুরের দাবি জানানো হবে।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় ৫ অগাস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের নয় সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত র‌্যাবকে মামলাটি তদন্তভার দেয়।

পরদিন ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালনকারী আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্য এবং সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের মামলার সাক্ষী স্থানীয় তিন বাসিন্দাকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক ওসি প্রদীপ এবং কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অপর ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ হত্যা মামলায় গত ১৩ ডিসেম্বর তদন্ত-কর্মকর্তা ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে টেকনাফ থানার সাবেক পুলিশ সদস্যকে নতুন করে আসামি করা হয়। তারা হলেন, কনস্টেবল সাগর দেব এবং কনস্টেবল রুবেল শর্মা। পরে র‌্যাব কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করলেও কনস্টেবল সাগর দেব পলাতক রয়েছেন।

প্রায় নয় মাস আগে দুদকের এক মামলায় হাজিরা দিতে ১২ সেপ্টেম্বর ওসি প্রদীপকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছিল। এরপর গত ১০ জুন তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়।